বিনোদন প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা যায়নি জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজকে। সম্প্রতি সরব হচ্ছেন। মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘বিদায়’। যুক্ত হয়েছেন ‘গুলশানের চামেলি’ সিনেমায়। তবে লম্বা বিরতি ভেঙে ফেরার গল্প বাপ্পারাজ লিখেছিলেন ‘রক্তঋণ’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে।
সে ২০২৫ সালের শুরুর দিককার ঘটনা। একটি ক্যারেক্টার টিজারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় সিরিজটির। তাতে বাপ্পার উপস্থাপন মন কেড়েছিল সবার। ওই ঝলকে দেখা গিয়েছিল, শুরুতেই একটি দরজা খুলে যায়। ভেসে আসে ‘প্রেমের সমাধি’ গানটি। চায়ের কাপে ধোঁয়া উঠছে। এক পাশে পিস্তল। সামনের একটি বোর্ডে লাইট ধরে আছেন পুলিশ অফিসার সায়েম জোব্বাররূপী বাপ্পা। সেখানে পত্রিকার কতগুলো খবর সাটানো। অভিনেতাকে বলতে শোনা যায়, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’

টিজারটি নিজের ফেসবুকেও শেয়ার করেছিলেন বাপ্পা। তুমুল সাড়া ফেলেছিল তা। দীর্ঘদিন পর বিরহপ্রধান গল্পের নায়কের এমন অবতার মন ভরিয়েছিল নেটিজেনদের। উন্মাদনার পারদ তুঙ্গে ওঠে তাদের। কিন্তু তারপর আর কোনো খোঁজ মেলেনি সায়েম জোব্বারের। যোগাযোগ করা হয় ‘রক্তঋণ’ -এর পরিচালক মোস্তফা খান সিহানের সঙ্গে।
সিহান জানান সিরিজটির ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে মাত্র। এরপর প্রযোজকের সঙ্গে জটিলাতায় কাজ আর এগোয়নি। ঢাকা মেইলকে পরিচালক বলেন, ‘প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে 'রক্তঋণ' আপাতত বন্ধ আছে। আশা করছি সামনে বছর কাজ শুরু হবে।’
দ্বন্দ্বের কারণ জানতে চাইলে বিস্তারিত বললেন না সিহান। শুধু জানালেন, প্রযোজকের সঙ্গে বাজেটজনিত মতবিরোধে থমকে যায় ‘রক্তঋণ’। সিহান বলেন, ‘মাঝখানে প্রজেক্টটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে আমরা প্রযোজক বদলে নতুন করে আগাচ্ছি। আগামী বছর আলাপ আলোচনা করে শুটিংয়ে নামার পরিকল্পনা চলছে।’
সিরিজটি মুক্তি নিয়ে এখনও পরিকল্পনা করেননি সিহান। জানালেন, এরমধ্যে বাপ্পারাজের আরও দুটি সিনেমা আসবে। মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ এবং মো. ইকবালের ‘গুলশানের চামেলি’। তারপর সায়েম জোব্বার হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতা।

ঘোষণার দেড় বছরেও রক্তঋণ আলোর মুখ না দেখায় দর্শকের উন্মাদনা স্তিমিত হয়েছে বলে মনে হচ্ছে না সিহানের। তিনি মনে করেন বাপ্পারাজের স্টারডম এখনও আগের মতোই। বললেন, ‘বাপ্পারাজ আমাদের সোসাইটিতে এমন এক ফিগার হয়ে আছেন যার ফ্যান ফলোয়ার জেন আলফা পর্যন্ত পৌঁছে গেছে।সোশ্যাল মিডিয়ায়ও ওনার স্টারডম অ্যাক্টিভ। সো, উনাকে নিয়ে যখনই হাইপ তুলতে চাব আমার বিশ্বাস তখই তুলতে পারব।’ ‘রক্তঋণ’ নিয়ে কথা বলতে বাপ্পারাজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি তাকে। খুদে বার্তা পাঠিয়েও মেলেনি সাড়া।
বাপ্পারাজকে শেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’সিনেমায়। এর অর্ধযুগ পর থ্রিলারধর্মী 'রক্তঋণ' দিয়ে ফেরার বার্তা দেন অভিনেতা। ওই সময়ের খবর অনুযায়ী এতে অভিনয়শিল্পী হিসেবে আরও রয়েছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান প্রমুখ।
আরআর