ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত বাপ্পারাজ। অভিনয়ে অনিয়মিত হলেও সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি। দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি এবং তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনায় তীব্র ক্ষোভ ঝেড়েছেন এই অভিনেতা।
কারও নাম উল্লেখ না করে আজ শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্টে বাপ্পারাজ লেখেন, “আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ‘ও নেই বলেই এর উত্থান হয়েছে। ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা’। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।”

কথার সূত্র ধরে তিনি আরও লেখেন, ‘ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। মানুষ জীবিত থাকতে আমরা তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’
বাপ্পারাজের পোস্টে সঙ্গে সহমত প্রকাশ করছেন তার অনুরাগীরা। এদিকে একজন লিখেছেন, ‘কেউ কারও জায়গা নিতে পারে না। উপরওয়ালা যাকে সম্মানিত করেন তাকে কেউ নিচে নামাতে পারে না।’ অন্য একজন লিখেছেন, ‘কথা সত্য আমরা জীবিত অবস্থায় স্বার্থ ছাড়া কাউকে কদর করি না। কদর করি মৃত্যুর পরে কারণ আমারা বাঙালী’।

নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন। বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
ইএইচ/




