বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১০:১২ এএম
প্রায় পনের মাস লন্ডানে অবস্থান করার পর চলতি মাসের শুরুতে দেশে এসেছিলেন চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দেড় সপ্তাহের মাথায় ফের লন্ডনে পাড়ি জমান। দেশ ছাড়ার আগে তার পরিবার জানিয়েছিল লন্ডনে ফিরে অভিনেতাকে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরইমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর গুজব।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র নিন্দ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন। বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানায় সংগঠনটি।
এতে বলা হয়, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, কিংবদন্তী অভিনেতা ও সমাজকর্মী ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর মৃত্যুসংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রায় ১২০টি শাখার সড়কযোদ্ধারা। লন্ডনে চিকিৎসাধীন মহানায়ক ইলিয়াস কাঞ্চন সুস্থ ও ভালো আছেন। অথচ তাকে নিয়ে মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ ছড়িয়ে পড়ায় নিসচার নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের দাবি জানিয়েছে নিসচা। অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশবাসী ও ইলিয়াস কাঞ্চনের শুভানুধ্যায়ীদের সামাজিক মাধ্যমের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গত বছরের প্রথম দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।
ইএইচ/