বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম
জাপানের একটি মন্দিরের পবিত্র স্মৃতিস্তম্ভে তরল পদার্থ ঢালার অভিযোগে তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী সাই ই-চেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ আগস্ট কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
গত ৬ এপ্রিল জাপানের নারা শহরের ইয়াকুশিজি মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দিরটিতে গৌতম বুদ্ধের পদচিহ্ন খোদাই করা প্রাচীন একটি পাথর রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের তালিকায় থাকা মন্দিরটি পরিদর্শনে গিয়েছিলেন সাই ই-চেন। এ সময় তিনি পবিত্র পাথরের ওপর তরল পদার্থ ঢালেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার দিন মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে স্থানীয় পুলিশ। পরবর্তীতে তিনি পুনরায় জাপানে প্রবেশ করার সময় ওসাকার কানসাই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অভিনেত্রী দাবি করেন, প্রার্থনার সময় মানসিকভাবে শান্তি পেতে বিশেষ কিছু বস্তুতে তেল ঢালা তার অভ্যাস। বুদ্ধের পদচিহ্ন সংবলিত পবিত্র পাথরেও তিনি একই কারণে তেল ডেলেছিলেন।
তবে ফরেনসিক পরীক্ষা বলছে অভিনেত্রীর দাবি সম্পুর্ণ মিথ্যা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা করে জানা গেছে এটি তেল না, গ্লিসারিন। যা মূলত প্রসাধনী ও খাদ্যদ্রব্যে ব্যবহৃত হয়।
যে পাথরটিতে তরল ঢালা হয়েছে সেটি জাপানের একটি সংরক্ষিত জাতীয় সম্পদ। প্রাচীন স্মারক নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ঘটনার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী সাই ই-চেন।
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৬ সালে প্রচারিত আলোচিত তাইওয়ানি আইডল ড্রামা ‘কেও ওয়ান’-এ শিক্ষার্থী উশিওং চরিত্রে অভিনয় করে বিনোদন অঙ্গনে তারকা খ্যাতি অর্জন করেছিলেন সাই ই-চেন।
ইএইচ/