বিনোদন ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
আসন্ন নতুন ওয়েব সিরিজ ‘চুম্বক’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা অর্জুন বিজলানি। ওয়েব সিরিজের প্রচারে গিয়ে সম্প্রতি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
‘টাইমস নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কমেডিয়ান ভারতী সিংয়ের ‘ইন্ডিয়ান গেম শো’-এর সেটে ওয়েব সিরিজ ‘চুম্বক’-এর প্রচারের গিয়েছিলেন অর্জুন। শুটিং শেষ করে ফেরার পথে তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে অর্জুন এবং গাড়িতে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অর্জুনকে নিয়ে ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়। অভিনেতা জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
‘চুম্বক’ সিরিজে চুম্বক কলোনি নামের একটি এলাকার পাঁচটি ভিন্নধর্মী পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যেখানে প্রতিদিন কোনো না কোনো কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেখান থেকে নতুন ঘটনার জন্ম দেয়। জেডি মাজেথিয়া ও আতিশ কাপাদিয়ার পরিচালনায় ও প্রযোজনায় নির্মিত সিরিজে অর্জুন বিজলানি ছাড়াও অভিনয় করেছেন নিনা গুপ্তা, দেবেন ভোজানি, হেলি শাহ, মানসী পারেখ, সুমিত ব্যাস, সান্দীপা ধর, সুমিত রাঘবন, অ্যামিরা দস্তুর, ডেলনাজ ইরানি ও অনন্ত ভি জোশি।

এর আগে রিয়ালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর বিজয়ী হয়েছিলেন অর্জুন বিজলানি। এছাড়া তিনি ২০২১ সালে জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১১’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন। সিরিজটি আগামী ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচ/