বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম
পুলিশে ছুঁলে ৩৬ ঘা যদি হয় তবে কঙ্গনা রানাওয়াত ছুঁলে যেন ১১০ ঘা। রাজনীতির রাহুল থেকে বলিউডের বচ্চন— কেউ ছাড় পাননি তার বাক্যবাণ থেকে। ছাড় পেলেন না ভারতীয় যোগগুরু তথা ব্যবসায়ী রামদেবও। তাকে কড়াভাবে শাসিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য।
ককরোজ আন্দোলনের সময় ভারতীয় যুব সমাজকে ‘নর্দমার কীট’ বলে ভর্ৎসনা করেছিলেন কঙ্গনা। যদিও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি। যুবপ্রজন্মকে ‘দেশের শক্তি’ বলে সম্বোধন করেন। বিষয়টি অনেকের মতো বাঁকা চোখে দেখেছেন রামদেব। তারই পরিপ্রেক্ষিতে কঙ্গনাকে কটাক্ষ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রামদেব বলেন, ‘মানুষদের নিয়ে এমন কথা বলতে চাই না, যাঁরা দেশের যুবপ্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করে নিজেদের বিকৃত মনের পরিচয় দেয়। তাঁর দলের লোকেদেরও বিষয়টি নজর দেওয়া উচিত।’
এখানেই থামেননি রামদেব। অভিনেত্রীর অতীত ও চরিত্র নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘ওঁর শৈশব কেমন ছিল? যৌবন কেমন ছিল? অতীতে কী কী কর্মকাণ্ড করেছেন?’ ওদিকে কঙ্গনাও থেমে যাওয়ার পাত্র না। মেজাজ হারিয়ে রামদেবকে ধুয়ে দিয়েছেন তিনি।

কঙ্গনা বলেন, ‘বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। গুজব বা গালগল্পের ওপর ভিত্তি করেই কারও পক্ষে এমন ধারণা করা সম্ভব আসলে। অন্তত মিথ্যা বা প্রতারণামূলক কাজকর্মের জন্য আমাকে কখনও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি- আর এই কথাটা কোনো গসিপ ভিত্তিক নয়, বরং অকাট্য যুক্তি-তথ্যের ওপর ভিত্তি করেই বলছি।’
এখানেও লাগাম টানেননি বিজেপি নেত্রী। আরও বলেছেন, ‘আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো। কারণ এখানে কোনো প্রতারণার বিষয় নেই।’

কঙ্গনাকে সবশেষ দেখা গেছে ‘এমারজেন্সি’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে এতে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন তিনি।
আরআর