Dhaka Mail Logo

বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান

বিনোদন ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনের খোরাক জোগানো জনপ্রিয় নাট্যকার ও চিত্রনাট্যকার তানিন রহমান মারা গেছেন। কিডনি প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচারের মাত্র একদিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। 

তানিন রহমানের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার বিকেলে এক পোস্টে তানিনের মৃত্যুসংবাদ জানিয়ে শোক প্রকাশ করেন। 

অভিনেতা লেখেন, ‘আমার অসংখ্য নাটকের চিত্রনাট্যকার তানিন আর নাই। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। কবরের আজাব মাফ করুন। জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন। সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছিল। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তাঁর লেখা বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’। 

ইএইচ/