মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:২৪ এএম

শেয়ার করুন:

অভিনেতা আতাউর রহমান মারা গেছেন

স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১২ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তার বয়স হয়েছিল ৮৪ বছর। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, আজ রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন আতাউর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে আতাউর রহমানের মৃত্যুর খবরটি দিয়েছেন অপু। সেখানে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথী আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’


বিজ্ঞাপন


গত শুক্রবার বাসায় পড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় আতাউর রহমানের। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিনেতার লাইফ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আতাউর রহমানের শারীরিক অবস্থা নিয়ে তার কন্যা শর্মিষ্ঠা রহমান বলেছিলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে— চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’ কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বর্ষীয়ান এ অভিনেতা।

আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এরমধ্যে একুশে পদক ও স্বাধীনতা পদক উল্লেখযোগ্য।


বিজ্ঞাপন


আরআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর