অভিনেতা তিনু করিম মারা গেছেন। আজ ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বরিশালে তাঁর মৃত্যু হয়। সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
তিনি বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল; দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।’
গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে দুই দিন আগে শরীরের অবস্থা একটু ভালো হলে তাঁকে কেবিনে দেওয়া হয়।
কিন্তু পরে রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। এরপর প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। ৪০ দিন হাসপাতালে কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফেরেন অভিনেতা।
২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তিনুর টিভি নাটকে অভিষেক। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা।




