Dhaka Mail Logo

বিনোদন

বিদ্যুৎ নিয়ে মানুষ অশান্তির মধ্যে আছে: ওমর সানী

বিনোদন ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। রাজনীতি, খেলাধুলা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনার টেবিলে থাকেন তিনি। এবার বিদ্যুৎ দুর্ভোগ নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘কিছু মনে করবেন না বিদ্যুৎ মন্ত্রী। দয়া করে সাফাই গাইবেন না। ঢাকার বাইরে নিয়মিত যাতায়াত রয়েছে। বিশেষ করে সাভার ও মানিকগঞ্জে গেলে দেখি আসলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ইচ্ছা করলে আরও দূরে যেতে পারি। এক কথায় বলি, বিদ্যুৎ নিয়ে মানুষ আসলেই অশান্তির মধ্যে আছে। আমি বসুন্ধরায় থাকি তাই টের পাই না। মন্ত্রী মহোদয়, বাইরে গেলে টের পাই। আমার প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দিকে তাকিয়ে আছি।’

পোস্টটি নেটিজেনদের চোখে পড়তে সময় নেয়নি। একজন লিখেছেন, ‘তারেক রহমানকে ডুবাবে বর্তমান মন্ত্রিপরিষদ।’ অন্য একজন লিখেছেন, ‘বিদ্যুৎ পাওয়া এখন বিলাসিতা।’ বিদ্যুৎ মন্ত্রীকে উদ্দেশ করে আরও একজন লিখেছেন, ‘মাননীয় মন্ত্রী সাহেব একবার গ্রামে এসে দেখে যান লোডশেডিং হয় কিনা। মানুষ বিদ্যুতের জন্য কতটা অসহায় হয়ে আছে।’

উল্লেখ্য, ওমর সানী তাঁর নতুন সিনেমা ‘বাসর হবে মাটির ঘরে’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবলের ‘গুলশানের চামেলি’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সিনেমায় দেখা যাবে তাঁকে। ইকবলের সিনেমায় ঢালিউড তারকা ছাড়াও অভিনয় করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

ইএইচ/