Dhaka Mail Logo

বিনোদন

জহির রায়হান থেকে সত্যজিৎ রায়, পপি থেকে ববিতা হয়ে ওঠার গল্প

বিনোদন ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার পপি ওরফে ববিতার নাম মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে তাঁর ভুবনভোলানো হাসি। সত্তরের দশকে ঢালিউডের রূপালি পর্দা মাতিয়ে রাখা নন্দিত এ অভিনেত্রী ৭৩ পেরিয়ে পা রাখলেন ৭৪ বছরে।

ববিতার বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। সত্তরের দশকের শেষ দিকে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি আলোর মুখ দেখেনি। তবে এটাই ছিল তাঁর প্রথম অভিনীত সিনেমা। শোবিজে ক্যারিয়ার গড়তে সবচেয়ে বড় ভূমিকা ছিল বড় বোন সুচন্দার।

পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের টেলিভিশন নাটক ‘কলম’-এ অভিনয় করেন তিনি। এরপর জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গেলে ‘ববিতা’ নামটি প্রস্তাব করেছিলেন ছবির প্রযোজক আফজাল চৌধুরী এবং তাঁর স্ত্রী।

১৯৬৯ সালে ববিতা প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করেন ‘শেষ পর্যন্ত’ সিনেমায়। এ ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পান মাত্র ১২ হাজার টাকা। ‘শেষ পর্যন্ত’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের ভিত শক্ত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

image

দেশীয় পরিচালক ছাড়াও বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেন ববিতা।

স্বাধীনতার পর প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তিনি। এরপর তিনি একে একে ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকামাকড়ের ঘরবসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা পান।

এছাড়াও সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। এজন্য তাঁকে ‘পুরস্কার কন্যা’ বলা হতো। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন।

akhush

চলতি বছরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া এপ্রিলে ‘হুজ হু’ সম্মাননা পান। রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ববিতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ববিতা বেড়ে উঠেছেন এক সংস্কৃতিমনা পরিবারে। তাঁর বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পা দুজনেই খ্যাতিমান অভিনেত্রী। তাঁর অভিনয়গুণ, সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ইএইচ/