Dhaka Mail Logo

বিনোদন

আসামের বন্যার্তদের পাশে সালমান-আলিয়া

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

ভারতের আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
 
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘খুব কঠিন একটি সময় পার করছে আসাম। বন্যায় ৬০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। অনেক পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি, জমি, গবাদিপশু। কেউ কেউ হারিয়েছেন তাদের আপনজনদের।’

আলিয়া আরও বলেন, ‘সেখানে এই মুহূর্তে জরুরি ত্রাণ প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আগামী কয়েক দিন মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমগুলো আমি শেয়ার করব। যাতে আপনারা সবাই মিলে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে পারেন।’

অন্যদিকে, বানভাসি মানুষের সাহায্যে মাঠে নেমেছেন সালমান। নিজের দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’-এর মাধ্যমে আসামের বন্যাদুর্গতদের সহায়তা করেছেন অভিনেতা। একটি ফ্যান ক্লাবের সাথে যুক্ত হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। 

এ বিষয়ে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, প্রথম পর্যায়ে আসামের ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ শুরু হয়েছে। পরের ধাপে রেশন সামগ্রী এবং ঘরবাড়ি মেরামতের সহায়তা দেওয়া হবে। খাবারের পাশাপাশি বন্যাদুর্গতদের মাঝে ওষুধ, সুপেয় পানি, স্যানিটারি প্যাড ও মশার কয়েল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সালমানের টিম। 

উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আসামে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর ফলে শিবসাগর, চরাইদেও ও জোরহাটসহ বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হ। এতে বহু মানুষের মৃত্যু হয়। 

ইএইচ/