Dhaka Mail Logo

বিনোদন

হিন্দু নন, কোন ধর্মের অনুসারী আমিরের স্ত্রী গৌরী? 

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

গৌরী স্প্র্যাটকে বিয়ের পর আমির খানের ওপর চটেছে ভারতের সম্প্রদায়িক গোষ্ঠীগুলো। একের পর এক হিন্দু নারীকে বিয়ের অভিযোগ তার বিরুদ্ধে এনেছে দেশটির বিজেপি, শিব সেনার নেতারা। অথচ গৌরী হিন্দু ধর্মের অনুসারী নন। ভারতীয় সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

গৌরী খ্রিষ্টান ধর্মের অনুসারী উল্লেখ করে আমির বলেন, “সবচেয়ে বড় বিষয় রীনা, কিরণ বা গৌরী কেউই বিয়ের পর ধর্মান্তরিত হয়নি। কারণ প্রত্যেকটি বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী হয়েছে। তাই ধর্ম পরিবর্তনের প্রশ্নই নেই। আর গৌরী তো হিন্দু নন, খ্রিস্টান। সময় যত এগোচ্ছে জীবন যেন ততই বেশি হাস্যকর হয়ে উঠছে।”

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ ব‌ংশোদ্ভূত। তার দাদা পেশায় একজন ব্রিটিশ লেখক ছিলেন। 

গৌরীর বামপন্থী দাদা ১৯২০ সালে ভারতে আসেন। উটিতে বড় হয়েছেন গৌরী। ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করেছেন। শুরুতে গৌরীর ধর্ম নিয়ে তথ্য দিতে পারেনি ভারতের সংবাদমাধ্যমগুলোও। অন্যদিকে উগ্রবাদীরা তাকে হিন্দু ধর্মের অনুসারী ধরে নেয়। এবার আমির নিজেই সামনে আনলেন স্ত্রীর ধর্ম। 

গেল ৫ জুলাই চার হাত এক হয় আমির খান ও গৌরী স্প্র্যাটের। মুম্বাইয়ের সমুদ্রের ধারের বাড়িতে বসে সে বিয়ের আসর। সাজসজ্জার ছিটেফোঁটা ছিল না। সাদামাটা আয়োজনেই ফের নতুন অধ্যায় শুরু করেন গৌরীর সঙ্গে।

আরআর