বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ওমকারা’ মুক্তির দুই দশক পূর্ণ হতে চলেছে। বিশেষ মুহূর্তে ছবিটির পর্দার পেছনের অজানা তথ্য শেয়ার করেছেন অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির একটি দৃশ্যে তাকে নগ্ন হয়ে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ ২০০৬ সালের স্মৃতি হাতড়ে বলেন, “পরিচালক বিশাল ভরদ্বাজ যখন আমাকে ‘ওমকারা’র আয়না ভাঙার দৃশ্যটার কথা বলে, তখন সে বলেছিলেন, ‘সাইফ, এই দৃশ্যটাতে তুমি কোনো জামাকাপড় ছাড়া, মানে পুরোপুরি নগ্ন হয়ে অভিনয় করতে পারবে?’ একজন অভিনেতা হিসেবে আইডিয়াটা আমাকে খুব রোমাঞ্চিত করেছিল। কিন্তু সত্যি বলতে, সেটে অনেক মানুষের বিশাল থাকায় আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম।”

দীর্ঘ ২০ বছর পর এসে সাইফ আলী খান মনে করছেন, দৃশ্যটি শুট করলে হয়তো চরিত্রটা আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যেত। আজ যদি তাকে এ প্রস্তাব দেওয়া হতো তবে তিনি সনন্দেই রাজি হতেন উল্লেখ করে সাইফ বলেন, ‘প্রায় বিশ বছর পর এসে আমার মনে হয়, দৃশ্যটা ওভাবে করলেই বোধহয় বেশি ভালো হতো। যদি পেছন থেকে সিলুয়েট বা আলো-ছায়ার অবয়ব তৈরি করে শুট করা হতো, তবে ল্যাংড়া তিয়াগির ভেতরের মানসিক ক্ষত আর হিংস্রতা আরও নিখুঁতভাবে পর্দায় আসত। আজ যদি আমাকে কেউ এই প্রস্তাব দেয় আমি নির্দ্বিধায় রাজি হয়ে যাব। এখন আর রিস্ক নিতে আমার কোনো দ্বিধা নেই।’
বিশাল ভরদ্বাজের সিনেমা নির্মাণের মুনশিয়ানার প্রশংসা করে সাইফ বলেন, “আমি তখন বিশালকে একটা অফার দিলাম। মজা করেই বলেছিলাম, ‘ঠিক আছে, আমি নগ্ন হয়ে শট দেব, তবে একটা শর্ত আছে। আপনাকেও নগ্ন হয়ে দৃশ্যটা নির্দেশনা দিতে হবে!’ বিশাল হেসে দিয়ে বলল, ‘না ভাই, তা আমি পারব না।’ ব্যস, ওখানেই ওটা শেষ হয়ে গেল।”

উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত নাটক ‘ওথেলো’ অবলম্বনে নির্মিত সিনেমায় সাইফ আলী খান ছাড়াও অভিনয় করেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, বিবেক ওবেরয়, কঙ্কনা সেন শর্মা, বিপাশা বসু এবং নাসিরুদ্দিন শাহ প্রমুখ। ছবিটি সে সময় তিনটি জাতীয় পুরস্কার জিতেছিল।
ইএইচ/