বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৬, ০৩:১২ পিএম
দক্ষিণী সুপারস্টার ধানুশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওম’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ছবির পরিচালক রাজকুমার পেরিয়াসামি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম ঝলক শেয়ার করেন।
পোস্টারটি শেয়ার করে নির্মাতা লেখেন, “উপস্থাপন করছি ‘ওম’-এর প্রথম ঝলক। পর্দায় তাঁর আগমন মানেই ধ্বংসের আগুন।”
ছবির প্রথম ঝলকে ধানুশকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে। টিজারে আভাস মিলেছে, তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রাতের আঁধারে একদল মানুষকে শত্রুদের হাত থেকে বাঁচাতে ধানুশ একা লড়াই করছেন। অ্যাকশন ঘরানার সিনেমায় ধানুশের পাশাপাশি আরও অভিনয় করছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি, সাই পল্লবী এবং শ্রীলীলা।
ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন রাজকুমার পেরিয়াসামি। সংগীত পরিচালনা করেছেন সাই অভয়ঙ্কর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’।
এক ছবি নিয়ে দশ বছর ঘোরানোর অভিযোগ, ধানুশের নামে আইনি নোটিশ
এর আগে গত ফেব্রুয়ারি মাসে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান ‘উন্ডারবার ফিল্মস’ সামাজিক যোগাযোগমাধ্যমে মহরতের ছবি শেয়ার করে লিখেছিল, ‘একটি হাসিখুশি ও শক্তিশালী শুরু।’
‘ওম’-এর মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় জুটি বাঁধছেন সাই পল্লবী ও ধানুশ। এর আগে ২০১৮ সালের ‘মারি ২’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।
ধানুশকে সর্বশেষ দেখা গেছে ভিগনেশ রাজা পরিচালিত তামিল সিনেমা ‘কারা’-তে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সংকটের ওপর যুদ্ধের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে।
ইএইচ/