বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটছেন প্রীতম! গুঞ্জনে সরগরম বলিউড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল ১৪ জুন ছিল প্রীতমের জন্মদিন। দিন কেটেছে সহকর্মী শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায়। রাত নামতেই তা বিষাদে পরিণত করে এ সুরকার ও সংগীত পরিচালকের একটি পোস্ট। সামাজিক মাধ্যম দেওয়া সযে পোস্টে অবসরের আভাস দেন তিনি।

নিজের ওই পোস্টে প্রীতম লেখেন, ‘আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলিকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব।’
এরপর লেখেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময়ে ধন্যবাদ।’

প্রীতমের পোস্ট দেখে অনেকের ধারণা তিনি প্লেব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আপনিও বিরতি নিচ্ছেন! প্রীতমের নতুন গানগুলো মিস করব। বিশেষ করে অরিজিৎ-প্রীতমের জুটিটাকে।’ কারও কথায়, ‘এতে বলিউডের ক্ষতি হলেও প্রকৃত সংগীতপ্রেমীদের জন্য হয়তো আশীর্বাদ হয়ে আসবে।’ তবে সেসবের কোনো উত্তর দেননি প্রীতম। তাই সহসা কাটছে না ধোঁয়াশা।
আরআর