images

বিনোদন

মমতার শাসনব্যবস্থা নিয়ে সিনেমা ‘হীরক রানীর দেশে’!

বিনোদন ডেস্ক

১০ জুন ২০২৬, ০১:৪০ পিএম

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক অভয়া ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে ‘অভয়া শক্তি’ নামের একটি সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিলেন। তবে সিনেমাটি বানাচ্ছেন না তিনি। তার বদলে ব্যস্ত হয়ে পড়েছেন ‘হীরক রানীর দেশে’ সিনেমা নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল মঙ্গলবার এক সংবাদসম্মেলনে পরিচালক ‘অভয়া শক্তি’ বাতিলের কথা জানানোর পাশাপাশি ‘হীরক রানীর দেশে’র ঘোষণা দেন। এ ছবির মাধ্যমে অনেকদিন পর বাংলা সিনেমায় দেখা যাবে জয়া প্রদাকে। হীরক রানীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

এদিকে ‘অভয়া শক্তি’ বন্ধের কারণ জানতে উদগ্রীব সবাই। পরিচালক জানিয়েছেন, নির্যাতিতার পরিবার চায় না সিনেমাটি হোক। তিনি বলেন, “এই একই জিনিস আমার ঘটেছিল ‘এসকেপ ফ্রম তালেবান’-র সময়ও। পরিবারের তরফে আমাকে প্রথমে কনসেন্ট দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে তাঁরা চাইছেন না। আমি একজন মায়ের সিদ্ধান্তকে সম্মান করি।” 

‘হীরক রানীর দেশে’ নিয়ে বলেন, ‘‘হীরক রানীর দেশে’ একটি পলিটিক্যাল স্যাটায়ার। জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হবে। পূজায় মুক্তি পাবে এই ছবি।”

মমতার পতনের পরপর ‘হীরক রানীর দেশে’র কথা শুনে নড়েচড়ে বসেছেন অনেকে। তবে কি তার পতন কিংবা তৃণমূলের শাসন ব্যবস্থা উঠে আসবে ছবিতে? মুখ খোলেননি পরিচালক। জয়াপ্রদাও ঝেড়ে কাশেননি। পরিচালককে দেখিয়ে বলেছেন, ‘ছবির পরিচালক পুরো বিষয়টা বলতে পারবেন।’

পলিটিক্যাল স্যাটায়ারধর্মী এ সিনেমায় জয়া ছাড়াও দেখা যাবে বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।