images

বিনোদন

রাস্তায় হেনস্তার শিকার নায়লা নাঈম 

বিনোদন ডেস্ক

০২ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

রাস্তায় প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী ও মডেল নায়লা নাঈম। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে নায়লা জানিয়েছেন মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বাজার করার সময় হেনস্তার শিকার হন তিনি। পোস্টের শুরুতেই প্রশ্ন ছুড়েছেন তিনি।

লিখেছেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পড়ে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’ 

এরপর ঘটনার বর্ণনায় লেখেন, ‘আমি আম্মু দাঁড়িয়ে সাভারের একটা লোকাল মার্কেট থেকে সবজি কিনছিলাম রাস্তার পাশে। মাথায় টুপি পরা দাড়িওয়ালা ৪২-৪৫ বছরের এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই... আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।’ 

নায়লার কথায়, ‘আমার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং আমি বাম হাতে ব্যথা পাই। ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।’

ক্ষুব্ধ নায়লা লিখেছেন, ‘আম্মু শুধু বলে গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও একটা টু শব্দ করবে না। আমার মা এখনও ভয়ে কাঁপছে।’ 

মন্তব্যের ঘরে অনেকে নায়লার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ আক্রমণকারীর ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন। কেউ আবার তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।