ব্রাহ্মণবাড়িয়ায় বাধার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে সরগরম সামাজিক মাধ্যম। তবে শিল্পী সমাজের মধ্যে প্রতিবাদের বাজনা এখনও উচ্চস্বরে বেজে ওঠেনি। অল্প যে কয়েকজন বিষয়টি গলা চড়িয়েছেন তাদের একজন অভিনেত্রী রুনা খান।
‘বনলতা এক্সপ্রেস’ ইস্যুতে গতকাল সোমবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন রুনা। সেখানে লেখেন, ‘আমার জানামতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্ত করে ২০২৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হয়েছে।’
বিজ্ঞাপন
এরপর লেখেন, ‘বাংলাদেশে নির্মিত যেকোনো চলচ্চিত্র যদি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ছাড়পত্র পায় তবে তা দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় প্রদর্শিত হবার অধিকার রাখে। দর্শকও অধিকার রাখেন কোন সিনেমা দেখবেন বা কোনটা দেখবেন না!’
এরপর প্রশ্ন রেখে অভিনেত্রী লেখেন, “বনলতা এক্সপ্রেস’ কি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমা নয়? যদি ছাড়পত্র পাওয়া হয়, তবে ‘B-EX’ বা ‘A to Z - EX’ শিরোনামের ছাড়পত্র পাওয়া যেকোনো সিনেমা প্রদর্শনে বাধা দেওয়ার কোনো আইনগত অধিকার কি কোনো ব্যক্তি-দর্শক-সংগঠন-রাষ্ট্র কারোরই আছে? একজন ক্ষুদ্র অভিনয় কর্মীর জানার আগ্রহে এই জিজ্ঞাসা?’’
গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী হওয়ার কথা ছিল। আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। কিন্তু এর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করা হয়।




