বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৬, ১০:৪১ এএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। গানের একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা কাজ করছিল কখন পূর্ণাঙ্গ গানটি মুক্তি পাবে? শাকিবের রকস্টার লুকের সঙ্গে গানের কথা ও সুরের জাদুতে বুঁদ হয়েছেন দর্শক-শ্রোতারা। গানটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পিরিতি’ গানটি। হাসান রুবায়েতের লেখা গানটিতে সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালক জাহিদ নিরবের এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই।

গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাকিব লিখেছেন, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা।’
গানটি প্রকাশের পর শাকিবিয়ানদের মন্তব্য এবং শেয়ারে সয়লাব হয়ে গেছে ফেসবুক ও ইউটিউবের মন্তব্যের ঘর। একজন লিখেছেন, ‘গানের চেয়ে শাকিব খানের অভিনয়টা বেশি দারুণ লাগছে’। অন্য একজন লিখেছেন, ‘রকস্টার মুভি দেখা শেষ করে মানুষ সিনেমা হলে থেকে কান্না করে বের হবে!’ আরও একজন লিখেছেন, ‘এটা কী অভিনয় ছিল? ভাই পুরাই আগুন।’

সান কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্যে লিখেছেন আয়মান আসিব স্বাধীন।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।