বিনোদন ডেস্ক
১০ মে ২০২৬, ১২:০৫ পিএম
এক রাজপাট ছেড়ে আরেক রাজত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন বিজয় থালাপতি। আজ ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন দক্ষিণী সিনেমার এ সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় সকাল ১০টায় শপথ নেন বিজয়। এ সময় পাশে ছিলেন কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণান। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথে হাজির হয়েছিলেন কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শপথ। বিজয়কে পর্দার নায়ক-ই মনে হচ্ছিল। কেননা জমকালো সাজে হাজির হয়েছিলেন। গায়ে চাপিয়েছিলেন শাদা শার্ট, কালো ব্লেজ়ার। মিলিয়ে পরেছিলেন কালো প্যান্ট।
জানা গেছে, বিজয় ছাড়াও আরও নয় মন্ত্রীর শপথ পাঠের কথা এদিন। তারা হলেন কেএ সেনগোট্টাইয়ান, নির্মল কুমার, আধব অর্জুন, টিভিকে জেনারেল সেক্রেটারি আনন্দ, রাজ মোহন, ড. টিকে প্রভু, অরুন রাজ, কীর্তনা, পি ভেঙ্কটারামন।

তামিলনাড়ুতে এবারের নির্বাচন ছিল টানটান উত্তেজনাপূর্ণ। প্রথমবার নির্বাচনে এসেই হিসাব নিকাশ পাল্টে দেন বিজয়। তার জনপ্রিয়তায় ধ্বস নামে সেখানকার বহু প্রভাবশালী রাজনৈতিকের। অনেকের প্রাচীন দুর্গ ভেঙে চমক দেখায় তার রাজনৈতিক দল টিভিকে।
১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে সামনে থাকলেও বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়াটা আটকে ছিল। কেননা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮ আসনের। অবশেষে ভিসিকে, আইইউএমএল, কংগ্রেস এবং বাম দলগুলোর নিঃশর্ত সমর্থনে বিজয়ের জোট ১২০-এর গণ্ডি স্পর্শ করে। এরপর-ই রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বিজয় থালাপতিকে।
আরআর