বিনোদন ডেস্ক
০৯ মে ২০২৬, ০২:১১ পিএম
নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মসনদে বসতে চলেছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপথি বিজয়। শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে দেখা করেন বিজয়। এ সময় তিনি বেশ কয়েকটি বিরোধী দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে হস্তান্তর করেন। রাজভবনে যখন সরকার গঠনের সমীকরণ মেলাতে ব্যস্ত বিজয়, ঠিক তখনই তার দীর্ঘদিনের দেহরক্ষী অরুণ সুরেশের সোশ্যাল মিডিয়া পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে।
তামিলনাড়ুর রাজনৈতিক সংকটের মুহূর্তে অরুণের পোস্টকে বিজয়ের প্রতি পরোক্ষ সমর্থন হিসেবেই দেখছেন তার ভক্তরা। অরুণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কঠিন লড়াইয়ের পরেই সুন্দর ফলাফল আসে।’ তিনি আরও লিখেছেন, ‘আত্মবিশ্বাসী থাকুন, ভালো কিছুই ঘটবে।’
সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও বিজয়ের ভক্তরা ধারণা করছে, তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন অরুণ। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর অরুণ লিখেছিলেন, ‘এটি কেবল জয় নয়, বরং একটি প্রজন্মের কণ্ঠস্বরে রূপ নিয়েছে।’

এদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শুক্রবার তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন টিভিকে প্রধান বিজয়। বেশ কয়েকজন বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়ে ২৩৪ আসনের বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন তিনি।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফল ৪ মে প্রকাশের পর থেকেই সরকার গঠন নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল খুব দ্রুতই বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।
ইএইচ/