তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পাঁচ দিন পর অবশেষে নিশ্চিত হওয়া গেছে, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন টিভিকে প্রধান থালপতি বিজয়। গত কয়েক দিন ধরে সংখ্যাগরিষ্ঠতার মারপ্যাঁচে তার শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে থাকলেও এখন সেই জট খুলেছে। রাজ্য সরকার গঠনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন হলেও বিজয়ের ঝুলিতে ছিল ১০৮টি আসন। ফলে মাত্র ১০টি আসনের কারণে মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছিল।
অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটেছে। জানা গেছে, কংগ্রেস (৫টি আসন), ভিসিকে (২টি), আইইউএমএল (২টি), সিপিআই (২টি) এবং সিপিএম (২টি) বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে। এর ফলে বিজয় নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত হওয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা থাকছে না। চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগে বিজয় কোনো প্রতিষ্ঠিত বড় দলের সঙ্গে জোটে না গিয়ে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকে-এর যে ক্ষমতার পালাবদল চলে আসছিল, তাতে ভাগ বসানোর ঘোষণা দিয়েছিল বিজয়ের দল টিভিকে। নির্বাচনের ফলাফল বলছে, সাধারণ মানুষ নতুনত্বকে সাদরে গ্রহণ করেছে।
এদিকে, কংগ্রেসের দীর্ঘ ৫৫ বছরের পুরনো ডিএমকে জোট ত্যাগ করা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। অনেক মিত্র শক্তি কংগ্রেসকে ‘অস্থির সঙ্গী’ বলে আখ্যা দিচ্ছে। তবে সমালোচনায় কান না দিয়ে কংগ্রেসের নির্বাচিত বিধায়করা কেন্দ্রের নির্দেশনা মেনে চলছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ইএইচ/




