images

বিনোদন

‘রইদ’-এর দ্বিতীয় গান, কানাই দাস বাউলের হাহাকার জাগানিয়া কণ্ঠ

বিনোদন ডেস্ক

০৭ মে ২০২৬, ০৮:০০ পিএম

আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্যের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি। কোরবানি ঈদে দেশব্যাপী ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ ৬ মে সন্ধ্যায় প্রকাশ পেল রইদের দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’। গানটির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী (গোসাই); বাংলার লোকসংগীতধারার এক প্রখ্যাত বাউল সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা। তার আধ্যাত্মিক দর্শনে ভরপুর গানগুলো বাংলা লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল। নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। দেশিয় লোকবাদ্যের আবহের সঙ্গে আধুনিক ওয়েস্টার্ন ট্র্যাকের সংমিশ্রণে তিনি গানটিকে দিয়েছেন এক সমকালীন অথচ শিকড়নির্ভর আবহ।

ইমন চৌধুরী বলেন, ‘মেজবাউর রহমান সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য সৌভাগ্যের। এর আগেও আমরা একসাথে অনেক অসাধারণ কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য আরও স্পেশাল, কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’

তার কথায়, ‘‘শুরু থেকেই গানটির প্রতি আমাদের এক অন্যরকম অনুভূতি ছিল। গানটিতে এক ধরনের হাহাকার আছে, আছে নীরবতার ও গভীরতা। আমি এবং আমার টিম চেষ্টা করেছি যেন দেশিয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়। ব্যক্তিগতভাবে গানটিতে একটি ‘ইনফিনিট ফিল’ দেওয়ার চেষ্টা করেছি।”

মেজবাউর রহমান সুমন বলেন,“মাতান চাঁদ গোসাইয়ের ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটি আমি বহু বছর ধরে শুনে আসছি। গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। যখন ‘রইদ’-এর চিত্রনাট্য লিখছিলাম এবং সিনেমাটির ডেভেলপমেন্ট চলছিল, তখন এই গানটি আমি বারবার শুনতাম। কানাই দাস বাউল অসাধারণ মায়া মাখা কণ্ঠে গানটি গাইতেন।’’

আফসোস করে নির্মাতা বলেন, ‘দুঃখের বিষয়, গানটি কানাই দাস বাউলের মৃত্যুর পর প্রকাশ পাচ্ছে। সত্যি বলতে, তাকে যদি এই কাজটি শোনাতে পারতাম, খুব ভালো লাগত। কিন্তু তিনি শুনে যেতে পারলেন না। তবে তার সেই মায়া মাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।’

বাংলার লোকজ আত্মা, বাউল দর্শনের গভীরতা এবং সমকালীন সংগীত নির্মাণের মেলবন্ধনে ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ ইতোমধ্যেই হয়ে উঠেছে রইদ চলচ্চিত্রের অন্যতম আলোচিত অনুষঙ্গ। দর্শক-শ্রোতাদের জন্য গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।

আরআর