মেজবাউর রহমান সুমনের যে একইসঙ্গে গান ও গল্পের মানুষ নিজের প্রথম সিনেমা দিয়ে প্রমাণ করেছেন। ‘হাওয়া’র গল্প লুফে নেওয়ার পাশাপাশি ‘সাদা কালা, ‘আটটা বাজে দেরি করিস না গানেও মজেছিল মানুষজন। তার দ্বিতীয় সিনেমার ক্ষেত্রেও একই চিত্র লক্ষণীয়। মুক্তির আগেই সামাজিক মাধ্যমে ‘রইদে’র গানে গা জুড়াচ্ছেন নেটিজেনরা।
গেল ১৩ এপ্রিল প্রকাশ পেয়েছে ‘রইদে’র প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। সকালের মিঠে রোদ দুপুরে প্রখর হওয়ার মতোই ‘রইদে’র গান প্রখর উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে। প্রকাশের এক সপ্তাহে এসে যে চিত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সামাজিক মাধ্যমে মহামারির মতো ছড়িয়ে পড়েছে গানটি!
বিজ্ঞাপন
ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে আলোচনার পাশাপাশি সংগীতপ্রেমিদের শেয়ারে গানের কথাগুলো এরইমধ্যে সবা চেনা। অন্যদিকে বিভিন্নজনে বিভিন্নভাবে গানটি নিয়ে মেতেছেন।
ফটোগ্রাফার সাদিক খান নিজের ধারণকৃত কয়েকটি দৃশ্য ও স্থিরচিত্র দিয়ে ১৯ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে জুড়ে দিয়েছেন গানটি। ভাইসাব নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সামিউল হক ভূঁইয়াকে মাঝে মাঝেই গান গাইতে দেখা যায় সামাজিক মাধ্যমে। তিনিও মেতেছেন ‘রইদে’র গানে।
এর বাইরে দারুণ সব দৃশ্য ও স্থিরচিত্র দিয়ে অনেকে তৈরি করেছেন ‘রইদে’র গানের ভিডিও। একজনে কালজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপুর সংসারে’র দৃশ্য জুড়ে দিয়েছেন গানটির সঙ্গে। অপুর জীবনের সঙ্গে মিলিয়েছেন গানটির কথাগুলো।
রাজীব আহমেদ রাজুর কথা, সুর ও কণ্ঠের রইদে আইলা গা জুড়াইতে শেয়ার দিয়ে সংগীত পরিচালক ইমন চৌধুরী লিখেছেন, এই গানটা একটা ঘোর...।
আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘রইদ’। সিনেমাটি গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।




