বিনোদন ডেস্ক
০৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম
জনতার রায়ে ক্ষমতার খুব কাছাকাছি বিজয় থালাপতি। বাড়িতে চলছে উৎসবের আমেজ। সহকর্মীরা জানাচ্ছেন শুভেচ্ছা। ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডী ভাঙ্গা বিজয়ের এই বিজয়ে দিলেন এক বিশেষ বার্তা।
সামাজিক মাধ্যমে সন্দীপ লিখেছেন, ‘এই হলো চলচ্চিত্রের ক্ষমতা। মানুষকে যেমন উদ্বুদ্ধ করতে পারে, আবার একটা গোটা প্রশাসনকে নাড়িয়েও দিতে পারে। মানুষের উপস্থিতিকে ক্ষমতায় বদলে ফেলতে পারে। পর্দার বাইরে চলচ্চিত্র এভাবেই রাস্তায় কাজ করে। কোনো অযাচিত চেঁচামেচি নয়। একেই বলে আসল ক্ষমতা।’
পাশাপাশি শুভেচ্ছাও জানিয়েছেন বিজয় ও তার রাজনৈতিক দল টিভিকেকে। এ তালিকায় আরও যুক্ত হয়েছেন, বিজয় দেবরকোন্ডা, হেমা মালিনী, টাইগার শ্রফ, কাজল অগ্রবাল, নিখিল সিদ্ধার্থ, অল্লু ভর্গেশ, সিবি সত্যরাজ, বরলক্ষ্মী শরৎকুমার, পরিচালক বেঙ্কট প্রভু প্রমুখ।
এদিকে বিজয়ের বাজিমাতে আলোচনায় এসেছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানও। সম্প্রতি তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। বিষয়টিকে বিরোধী পক্ষের ষড়যন্ত্র বলে অভিহিত করেছিলেন বিজয়। যদিও গতকাল ভোট গণনার দিনই আনন্দ উদযাপনে সোজা তৃষা চলে যান বিজয়ের বাড়ি।