রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার ফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে)। ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজয়ের দল বর্তমানে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে ফল প্রকাশের আগেই চেন্নাইয়ে অভিনেতার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোলাথুর। এই কেন্দ্রেও বিপুল ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন তিনি। সেখানে বিজয়ের দলের প্রার্থী ভি.এস. বাবু এগিয়ে আছেন। শুধু স্ট্যালিন নন, তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিনও চেপাউক-তিরুবল্লিকেনি কেন্দ্রে পিছিয়ে আছেন। এমনকি স্ট্যালিনের মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রী তাঁদের নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে পড়েছেন।

image
বিজয়ের বাড়ির বাইরে পুলিশের অবস্থান

নির্বাচনে পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিজের আসনে শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। যদি শেষ পর্যন্ত বিজয়ের দল এবং দলের প্রার্থীরা এই ব্যবধান বজায় রাখতে পারেন, তবে তামিলনাড়ুর রাজনীতিতে প্রধান বিরোধী শক্তি হিসেবে এআইএডিএমকে-কে (AIADMK) সরিয়ে জায়গা করে নেবে বিজয়ের টিভিকে।

ফলাফল ঘোষণা হওয়ার আগেই নিজেদের জয়ী প্রার্থীদের নিরাপত্তা দিতে মরিয়া হয়ে উঠেছে টিভিকে। জানা গেছে, সব জয়ী প্রার্থীকে ফলাফল ঘোষণার পরপরই পানাইয়ুর সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যান্য দল যাতে টিভিকের জয়ী বিধায়কদের নিজেদের দলে টানতে না পারে, সেজন্য বিজয় তাঁর দলের হবু বিধায়কদের একটি নিরাপদ রিসোর্টে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।

সূত্র: নির্বাচন কমিশন ও সংবাদ মাধ্যম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর