বিনোদন ডেস্ক
০৪ মে ২০২৬, ০৫:৩১ পিএম
এবারের বিধানসভার ভোটে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির হিসাব নিকাশ। অস্ত যাচ্ছে মমতা বন্দোপধ্যায়ের রাজত্বের। তার সাঙ্গোপাঙ্গরাও কোণঠাসা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তীকে হতে হলো রীতিমতো নাজেহাল। গায়ে কাদা মাখিয়ে বিদায় করা হলো পরিচালককে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়েছেন রাজ। ২০২১ সালে এই আসন থেকেই পেয়েছিলেন ভূমিধ্বস বিজয়। সাধারণ মানুষ গ্রহণ করেছিলেন সাদরে। এবার সেখানকার মানুষ রাজের গায়ে মাখালেন কাদা। সম্বোধন করলেন ‘চোর’।
এক ভিডিওতে দেখা যায়, এমন আচরণে কোনো প্রতিবাদ করেননি রাজ। বরং ভোট গণনাকেন্দ্র ছেড়েছেন মাথা নিচু করে। এ সময় পরিচালককে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। তারা-ই মুছে দেন গায়ের কাদা।
ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন রাজকে। প্রতিক্রিয়া জানতে চাইলেও পালন করেছেন নীরবতা। টু শব্দটিও করেননি।
ব্যারাকপুর থেকে রাজের প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির কৌস্তুভ বাগচী। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচালকের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। সে কারণে আরও বিমর্ষ হয়ে কেন্দ্র ছাড়েন রাজ।
আরআর