বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পর আসছে তাঁর বায়োপিক। গায়কের বর্ণাঢ্য জীবন সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তুলেছেন ২০১৯ সালে অস্কারজয়ী ‘বোহেমিয়ান র্যাপসোডি’র প্রযোজক গ্রাহাম কিং। তবে চিত্রনাট্য নিয়ে আপত্তি গায়কের মেয়ের।
মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান উদ্ধার
মাইকেলের মেয়ে প্যারিস জ্যাকসন বাবার বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, চিত্রনাট্য ভুল তথ্যে ভরা। প্যারিসের মতে, বায়োপিকটি মূলত ভক্তদের খুশি করার জন্য তৈরি করা হয়েছে, যেখানে সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। যদিও অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো আশা প্রকাশ করেছেন, মাইকেলের মেয়ে প্যারিস শেষ পর্যন্ত তাঁর বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মাননা অনুভব করতে পারবেন।

বায়োপিকের নাম ‘মাইকেল’। এতে জ্যাকসনের উত্থান থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। পপ তারকার প্রতিভা, ক্যারিয়ার জুড়ে সমালোচনা এবং পর্দার আড়ালের জ্যাকসনকে দেখবে দর্শকরা। সিনেমাটিতে তাঁর ক্যারিয়ারের ৩০টিরও বেশি আইকনিক গান ও পারফরম্যান্স রিমেক করা হয়েছে।
প্রথম ঝলকে মাইকেল জ্যাকসনের চমক!
মাইকেলের জীবনের সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক পর্দায় তুলে ধরা হবে। শিশু যৌন নির্যাতনের অভিযোগ এবং ২০০৩ সালে গ্রেপ্তারের ঘটনাও থাকছে ছবিটিতে। ছবির ট্রেলার মুক্তির পর থেকে শোবিজ অঙ্গনে আলোচনার পাশাপাশি বইছে সমালোচনার ঝড়। ‘লিভিং নেভারল্যান্ড’ খ্যাত পরিচালক ড্যান রিডের মতে, মাইকেলের নানা অপরাধ ঢাকার জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন (জার্মেইন জ্যাকসনের ছেলে)। পরিচালক অ্যান্টোইন ফুকুয়ার মতে, জাফরের নাচ, গান এবং কণ্ঠ হুবহু মাইকেলের মতো, যা দর্শকদের চমকে দেবে। এছাড়া মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে অস্কার মনোনীত কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং।
আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, একই দিনে মুক্তি পাবে বাংলাদেশে
মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি নজর কেড়েছে পপ সম্রাটের ভক্তদের। ট্রেলারে মাইকেলকে বলতে শোনা যায়, ‘আমি বিশ্বাস করি সংগীত বিশ্বকে বদলে দিতে পারে। আমি চাই বিশ্ব এই জাদু অনুভব করুক।’

বিতর্ক আর আইনি জটিলতার মাঝে আগামীকাল ২৪ এপ্রিল বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’।
ইএইচ/