বিনোদন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেলেন বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন তিনি।
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ সংকেত জানিয়েছেন, এই অর্জন তার একার নয়, বরং তার অগণিত দর্শকদের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন।
এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি ব্যবস্থা নেবেন হানিফ সংকেত
স্বাধীনতা পদক প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে হানিফ সংকেত সামাজিক মাধ্যমে লেখেন, ‘এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’
b
দীর্ঘ কয়েক দশক ধরে বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলেও কখনও পুরস্কারের জন্য কাজ করেননি উল্লেখ করে তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে। ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব।’
বন্ধু ভুলিনি তোমায়: হানিফ সংকেত
জাতীয় পর্যায়ের এই বড় স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে শক্তি জোগাবে বলে মনে করেন হানিফ সংকেত। সবশেষে তিনি লেখেন, ‘এই পুরস্কারটি আমাকে আগামীতে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে।’
হানিফ সংকেতের অর্জনে শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন।
ইএইচ/