মো: ইনামুল হোসেন
১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ঋতুচক্রের আবর্তে নতুন বছর আসে নতুন আনন্দ নিয়ে। তবে সময়ের পরিক্রমায় উৎসবের আমেজ অনেকটা বদলে গেছে বলে দাবি জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহার। ঢাকা মেইলের সাথে একান্ত আলাপচারিতায় বৈশাখের পরিকল্পনা, শৈশবের স্মৃতি আর বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি।
মেলায় পুতুল কিনতে বায়না ধরতাম: নাজনীন নিহা
অভিনেত্রী জানান, প্রতিবার বৈশাখে বন্ধুদের সাথে শাড়ি পরে বাইরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা থাকলেও এবার পরিবারের সবার সাথে ঘরে সময় কাটাবেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে পান্তা-ইলিশ খেয়ে দিনটি উপভোগ করার প্রস্তুতি চলছে নিহার ঘরে।

কথায় কথায় নিহা ফিরে গেলেন তার শৈশবের সেই রঙিন দিনগুলোতে। ছোটবেলার বৈশাখ মানেই ছিল তার কাছে একরাশ বায়না আর জেদ। নিহার কথায়, ‘ছোটবেলায় বৈশাখ নিয়ে আমার প্রচুর বায়না থাকত। মেলা আমার খুব পছন্দ ছিল, তাই মেলায় যাওয়ার জন্য আম্মু আর আপুর কাছে অনেক জেদ করতাম। সবচেয়ে বেশি আনন্দ পেতাম সুন্দর করে সেজেগুজে মেলায় ঘুরতে যাওয়া আর পান্তা-ইলিশ খাওয়ার মধ্যে। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়লে ভালো লাগে।’
২০২৫ সালে পড়ার টেবিল ঠিক রেখে কাজ করব: নিহা
বড় হওয়ার সাথে সাথে উৎসবের সেই রঙ যেন কিছুটা ফিকে হয়ে এসেছে নিহার কাছে। তার মতে, ছোটবেলায় বৈশাখ ঘিরে দীর্ঘ পরিকল্পনা থাকত, এখন তার ছিটেফোঁটাও নেই। আগের মতো সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। নিহা আক্ষেপ করে বলেন, ‘শুধু আমার নয়, আশেপাশের সবার মধ্যেই এখন আগের সেই স্বতঃস্ফূর্ততা দেখি না। মাঝে মাঝে খুব মনে হয় যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম।’

বর্তমান প্রজন্মের উৎসব উদযাপন নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, সোশ্যাল মিডিয়ার কারণে উৎসবের আনন্দটা কমে যাচ্ছে। মানুষ এখন উৎসব উপভোগের চেয়ে শাড়ি বা ভালো পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে বেশি ব্যস্ত থাকে। আমি ব্যক্তিগতভাবে এসব বিষয়ে বেশ অলস। আমি চেষ্টা করি ছবি তোলা, শেয়ার করা বাদ দিয়ে সময়টাকে মন ভরে উপভোগ করতে। তারপর অডিয়েন্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপডেট দেই।’
ইএইচ/