images

বিনোদন

চীনের সমালোচনার মুখে বদলে গেল সালমান খানের ছবির নাম

বিনোদন ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম পরিবর্তন করা হয়েছে। চীনা নিরাপত্তা বিশ্লেষকদের তীব্র সমালোচনার মুখে ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি’। যদিও নাম পরিবর্তনের কারণ এখনও স্পষ্ট করেননি সিনেমা সংশ্লিষ্টরা।

রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খান নতুন পোস্টারটি প্রকাশ করেছেন। সিনেমার নতুন নামকরণের সাথে যুক্ত করা হয়েছে একটি বিশেষ ট্যাগলাইন— ‘যুদ্ধ চিরতরে শেষ হয়ে যাক’।

পোস্টারে সালমান খানকে একজন যোদ্ধার বেশে দেখা গেছে। তাঁর মুখজুড়ে রক্ত, ধুলোবালি এবং ক্ষতের চিহ্ন, যা যুদ্ধের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। কপালে গভীর কাটা দাগ। অভিনেতার রক্তমাখা হাতে রয়েছে কাঁটাতার দিয়ে মোড়ানো একটি অস্ত্র।

image

অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ এবং শিব আরুর ও রাহুল সিংয়ের লেখা ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস ৩’ বইয়ের অংশবিশেষের ওপর ভিত্তি করে নির্মিত।

সিনেমার নতুন নামটি নেওয়া হয়েছে অরিজিৎ সিংয়ের গাওয়া একটি গান থেকে। গানের মিউজিক ভিডিওতে সালমানের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সিনেমাটি এপ্রিলে মুক্তির কথা থাকলেও অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’র সঙ্গে সংঘর্ষ এড়াতে স্বাধীনতা দিবসে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজকরা। তবে প্রকাশিত নতুন পোস্টারে মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতারা। 

ইএইচ/