বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম
সম্প্রতি চার হাত এক হয়েছে বিজয়-রাশমিকার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর্তমানে হানিমুনে রয়েছেন এই দক্ষিণী তারকা জুটি। এরমধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকার মা সুমনের আট বছর আগের একটি অডিও ক্লিপ। একটি বিতর্কিত মন্তব্য। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।
রাশমিকা সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছেন, পুরোনো অডিও ভাইরালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন।

রাশমিকা জানান, গত আট বছর ধরে তাকে নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হলেও তিনি ধৈর্য ধরে নীরব ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সীমা অতিক্রম করা হয়েছে বলে মনে করেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য তার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। যার ফলে অভিনেত্রীর প্রতি সাধারণ মানুষের এক ধরণের ঘৃণা জন্মে। আট বছর আগে তার মায়ের একটি ব্যক্তিগত কথোপকথন অনুমতি ছাড়া রেকর্ড এবং প্রচার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের শামিল বলে দাবি তার।
অডিও ক্লিপটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে সংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার বা ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোসহ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভাইরাল অডিও ক্লিপটিতে রাশমিকার মা সুমনকে তার মেয়ের প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেঠির সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে কথা বলতে শোনা যায়।
সেখানে দাবি করা হয়, বিয়ের পর অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে দ্বিমত এবং বিজয় দেবরকোণ্ডার সঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় রাশমিকার একটি রোমান্টিক দৃশ্য নিয়ে তৈরি হওয়া জটিলতাই ছিল সেই বিচ্ছেদের কারণ।
২০১৬ সালে অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়।
ইএইচ/