images

বিনোদন

তৌসিফের ‘চক্রে’ বাঁধন 

বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

অবশেষে অভিনেতা তৌসিফের মাহবুবের আফসোস শেষ হলো। ২০২১ সালে শুটিং শেষ করা ধারাবাহিক নাটক ‘চক্র’ বছর দুয়েক আগে ওটিটিতে মুক্তি পায়। ধারাবাহিক হিসেবে কাজ করলেও ওটিটিতে মুক্তির খবরে অক্ষেপ করেছিলেন তিনি। আসন্ন রোজার ঈদকে ঘিরে চক্র সিরিজের নতুন সিজনে অভিনয় করেছেন তৌসিফ। ‘চক্র ২’ওটিটি প্ল্যাটফর্‌ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রথম সিজন তো টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি চাইনি ওটিটিতে এভাবে আসি। এখন বলতে পারব আমি অফিশিয়ালি একটা ওয়েব সিরিজ করেছি।’

‘চক্র ২’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যায়, এক অচেন রূপে দর্শকদের সামনে ধরা দিয়েছেন এই অভিনেতা। রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ। 

image

সিরিজের গল্প নিয়ে অভিনেতা বলেন, ‘এক লাইনে সিরিজটি নিয়ে বলব, সেটা হলো যাঁদের হার্ট দুর্বল তাঁরা দেখবেন না। কারণ, এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে।’

২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনও অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন চক্র। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল এক পরিবারের সবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন দৃশ্য দেখতে পেয়ে সেই পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। হুমায়ূনের আসার পর লুবনা যখন আশার আলো দেখছিল, সে সময় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় হুমায়ূন। প্রফেসর হুমায়ূন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ।

নির্মাতা ভিকি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। ‘চক্র ২’ সিরিজে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তবে তাঁর চরিত্রটি নিয়ে এখনি কিছু বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা। চমক হিসেবেই রাখতে চাইছেন তাঁরা। ঈদের এক সপ্তাহ পর আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। 

ইএইচ/