images

বিনোদন

‘প্রেশার কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু’

বিনোদন ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

অবশেষে ‘প্রেশার কুকার’-এর হুইসেল বেজে উঠল! শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে রায়হান রাফীর নারীকেন্দ্রিক গল্পে নির্মিত সিনেমার ট্রেলার। ১ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলারে ধুমধুমার অ্যাকশন গল্পের আভাস দিয়েছেন রাফী।

ট্রেলারের শুরুতে ভেসে আসে একজন নারীর কণ্ঠ। তাঁকে বলতে শোনা যায়, ‘পিংকভিলাতে আপনাকে স্বাগতম, স্যার। আপনি আমাদের কোন সার্ভিসটি নেবেন?’ এরপর সম্পূর্ণ ট্রেলার জুড়ে শোনা যায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর গলা।

image

ট্রেলারে স্নিগ্ধা চৌধুরীর উপস্থিতি কম হলেও কয়েকবার দেখা গেছে শবনম বুবলীকে। তাঁকে দেখে ধারণা করা হচ্ছে সিনেমায় তিনি একজন সংগ্রামী নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এক ঝলক দেখা গেছে অভিনেত্রী মারিয়া শান্ত ও নাজিফা তুষিকে। জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকে দেখা যায় নির্বাচনী প্রচারণা চালাতে। তাতে স্পষ্ট তিনি কোনো রাজনীতিকের চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় দৃশ্যমান হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান।

‘প্রেশার কুকার’-এ আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, আজিজুল হাকিম প্রমুখ।

image

ট্রেলার প্রকাশ করে রায়হান রাফী ক্যাপশনে লিখেছেন, ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ। ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল। প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু। ‘প্রেশার কুকার’ আসছে ঈদুল ফিতরে আপনার কাছের সিনেমা হলে।’

‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও খোদ রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে বড় পর্দায় মুক্তি পাবে। 

ইএইচ/