বিনোদন ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম
রোজার ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে পর্দায় হাজির হবেন এই অভিনেতা। সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি সিনেমার অন্যতম আকর্ষণীয় চরিত্র দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে ছবি মুক্তির কাউন্টডাউন।
বলিউডের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে একজন আফগান পাঠানের চরিত্রে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিশিয়াল পেজে তার লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বইছে প্রশংসার জোয়ার। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, “প্রিন্স’ মানেই রাজত্ব! এবার সিনেমা হলে আগুন লাগবেই।” অন্য একজন লিখেছেন, “এইবার দেশের বাইরেও কাঁপাবে ‘প্রিন্স”।

এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছে তিনজন নায়িকা। ‘তুফান’ সিনেমায় শাকিবের ছায়াসঙ্গী ছিলেন কলকাতার অভিনেতা লোকনাথ দে। প্রিন্সেও তাকে দেখা যাবে কিং খানের সঙ্গে। ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। আরও দেখা যাবে টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখকে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, চীনের টেকনিশিয়ানরা কাজ করবেন এ সিনেমায়। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সাথে সাথে চীনেও একযোগে মুক্তি পাবে শাকিবের আসন্ন সিনেমা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
ইএইচ/