শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘প্রিন্স’-এ শাকিবই কালা জাহাঙ্গীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

‘প্রিন্স’-এ শাকিবই কালা জাহাঙ্গীর!

ক্যামেরা লাইট জ্বলে ওঠার আগে গুঞ্জন উঠেছিল ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এ ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তবে সে গুঞ্জন ডানা মেলতে দেননি পরিচালক-প্রযোজক। 

লিখিত এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিলেন সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনের গল্প না। লেখা হয়েছিল, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ‘‘ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি।’


বিজ্ঞাপন


এদিকে ভারতে চলছে প্রিন্সের শুটিং। দুই বাংলার জনপ্রিয় নায়কের ছবি নিয়ে বিশেষ খবর ছেপেছে দেশটির সংবাদমাধ্যম। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, ও পার বাংলার নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’কেই নাকি পর্দায় ফোটাতে চলেছেন শাকিব। এক ভালমানুষ কী করে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠবেন, দেখাবে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। তারই টুকরো অংশ, কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয় হাওড়ায়।

হাওড়া ছাড়াও ছবির শুটিং হয়েছে মধ্য কলকাতায়। যেখানে শাকিবকে দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। প্রকাশ পেয়ছে শুটিংয়ের কিছু দৃশ্যও। 

তুফান সিনেমায় শাকিবের ছায়াসঙ্গী ছিলেন কলকাতার অভিনেতা লোকনাথ দে। প্রিন্সেও তাকে দেখা যাবে কিং খানের সঙ্গে। ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। আরও দেখা যাবে টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর