বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
গেল শতকের আশির দশকে বলিউডে আগমন জেসমিনের। ‘ভিরানা’ ছবি দিয়ে পৌঁছান দর্শকের দোরগোড়ায়। রাতারাতি ঝুলি ভরে জনপ্রিয়তায়। সে তারকাখ্যাতিও ধরে রাখতে পারেনি অভিনেত্রীকে। হঠাৎ গায়েব হন বি-টাউন থেকে। আজও নিরুদ্দেশ তিনি। গুঞ্জন রয়েছে এর পেছনে হাত রয়েছে মাফিয়া দাউদ ইব্রাহিমের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিরানা’ দিয়ে হাজার দর্শকের মন মজিয়েছিলেন জেসমিন। সেই দলে ছিলেন মাফিয়া দাউদ ইব্রাহিমও। অভিনেত্রীর সৌন্দর্যে বুঁদ হয়েছিলেন তিনি। তবে পাত্তা দেননি জেসমিন।
শোনা যায়, পছন্দের নায়িকাদের পেছনে টিকটিকি লাগিয়ে রাখতেন দাউদ। ফলে তাদের বিচরণ নখদর্পণে থাকত তার। তবে সেসবে গুরুত্ব দেননি জেসমিন। শোনা যায় সেটিই নাকি কাল হয়েছিল। দাউদকে এড়িয়ে যাওয়ায় ক্যারিয়ার রসাতলে যায় তার।
জেসমিন নিখোঁজ হওয়ার পর থেকেই কারণ খুঁজে ক্লান্ত অনেকে। তবুও থেমে নেই চর্চা। কারও দাবি, দাউদের ফাঁদে পা না দেওয়ায় ক্যারিয়ার শেষ হয় জেসমিনের। কেউ বলেন, আন্ডারওয়ার্ল্ডের ভয়ে দেশ ছাড়েন জেসমিন। আর পা রাখেননি ভারতের মাটিতে।
এদিকে ‘ভিরানা’ সিনেমায় জেসমিনের সহ শিল্পী ছিলেন হেমন্ত বির্জ। তার দাবি যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন অভিনেত্রী। সেখানে একজন সফল উদ্যোক্তা হিসেবে ব্যস্ত সময় কাটছে তার।
তবে ২০১৭ সালে ‘ভিরানা’র পরিচালক শ্যাম র্যামস দাবি করেন মায়ের মৃত্যুর পর আর ক্যামেরার সামনে আসতে চাননি জেসমিন। সে কারণে ছবিটির সিক্যুয়েলও আনা সম্ভব হয়নি। তবে পর্দা থেকে বিদায় নিয়েও অনেকদিন মুম্বাই ছিলেন তিনি।
এমনও বলা হয় জেসমিনের পুরো নাম জেসমিন ভাটিয়া। তিনি এক প্রবাসী রাহুল তুগনায়েতকে বিয়ে করে দেশ ছাড়েন। তারপর থেকে বিদেশেই রয়েছেন।
আজও জেসমিনের বলিউড ছাড়ার আসল কারণ উদঘাটন হয়নি। পাওয়া যায়নি তার খোঁজ। প্রযুক্তির হাতের মুঠোয় এলেও অভিনেত্রীর লোকেশন ট্র্যাক করতে পারেনি কেউ। তার বি-টাউন ত্যাগের জন্য দাউদ ইব্রাহিম দায়ী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
বলিউডে জেসমিনের অভিষেক মাত্র ১৩ বছর বয়সে। ‘হাতিম তাই’-এ অতিথি শিল্পীর ভূমিকায় নাম লিখিয়ে শুরু করেন ক্যারিয়ার। এরপর অভিনয় করেন ‘সরকারি মেহমান’ ও ‘ডিভোর্স’ ছবিতে। ছবিগুলো ব্যবসাসফল হয়নি। তাকে তারকাখ্যাতি এনে দেয় ‘ভিরানা’ সিনেমাটি।
আরআর