Dhaka Mail Logo

বিনোদন

ভোটের আনন্দে কাল রাতে ঘুমাতে পারিনি: প্রভা

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের আগামী প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট প্রদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

শরীয়তপুরে নিজের গ্রামে ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রভা বলেন, ‘উৎসবমুখর পরিবেশ। মনে হচ্ছে ঈদের সময় বাড়ি এলে যেমন লাগে, ঠিক তেমনই অনুভূতি। খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে কাল রাতে ঘুমাতেই পারিনি উত্তেজনার কারণে।’

তিনি আরও বলেন, ‘আমি একজন অভিনেত্রী, একই সঙ্গে করপোরেট জবও করছি। খুব ব্যস্ততার মধ্যে থাকি। অনেকে বলেছে, এটা তো ছুটির দিন—বাসায় থেকে বিশ্রাম নিতে পারতাম। কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে, দেশের জন্য, আমার একটি ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখে সেই ভাবনা থেকেই শরীয়তপুরে, আমার শিকড়ে ফিরে এসেছি।’

image

প্রভা যোগ করেন, ‘আমি এমন এক পরিবেশে বড় হয়েছি, যেখানে ধর্ম, সংস্কৃতি আর বাংলা ঐতিহ্য— সবকিছু একসঙ্গে ছিল। সকালে হুজুর এসে সিপারা পড়াতেন, তারপর স্কুল, বিকেলে গান শেখা বা ছবি আঁকা। হামদ-নাতে যেমন প্রথম হয়েছি, তেমনি দেশাত্মবোধক গানেও পুরস্কার পেয়েছি। আমি আমার দুইটাই চাই—আমার ধর্মও, আমার সংস্কৃতিও।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর স্মৃতি, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুনে রঙিন শাড়ি পরে ঘুরতে যাওয়া, পহেলা বৈশাখ—সব চাই। আবার আমার অন্যান্য ধর্মের বন্ধু, ফ্যান, শুভাকাঙ্ক্ষীরা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন—সেটাও চাই। সব মিলিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, আমি আমার শৈশবের মতোই একটি বাংলাদেশ চাই একদম ঠিক সেরকম।’

ইএইচ/