বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
দুইদিনে আগেই ঘোষণা করা হয়েছেন ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। তবে সিনেমার চিত্রনাট্য না লিখেও পরিচালক নিয়ামুল মুক্তার নাম এসেছে জাতীয় পুরস্কার তালিকায়। ২৮ ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার ঘরে তুলেছেন ‘রক্তজবা’। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান। কিন্তু সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার তালিকায় নাম এসেছে নিয়ামুল মুক্তার।
পুরস্কারের ঘোষণার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য শুরু হলে, শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে নিয়ামুল বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ‘রক্তজবা’ আমি যথাযথ নিয়ম মেনে জমা দিয়েছিলাম। সেখানে ভুল কীভাবে হয়েছে, আমি বুঝতে পারছি না। আমার সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে তাসনীমুল হাসানের। যে কারণে আমি এই পুরস্কার গ্রহণ করব না। এটি তিনি পাবার দাবি রাখেন।”
নিয়ামুল জানিয়েছেন, তিনি তাসনীমুলকে ফোন করে বিষয়টি অবগত করেছেন। এ নির্মাতার কথায়, ‘আমি চাই না যে কেউ ভাবুক, আমি নিজের ক্রেডিট নিচ্ছি। এটা কোনোভাবেই সত্য নয়। আমি চাই প্রকৃত অবদানের স্বীকৃতি যিনি পাবেন, তিনিই এই পুরস্কার পান।’
‘রক্তজবা’চিত্রনাট্যকার তাসনীমুল হাসান ভারতে পড়াশোনা করছেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমাদের সিনেমা সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে, যা আমাদের জন্য সম্মানের। কিন্তু পরিচালক মুক্তার নাম প্রকাশ হওয়ায় আমরা সংশোধন চাই। নতুন করে সঠিক তালিকা প্রকাশ করা হোক, এটিই আমাদের প্রত্যাশা।’
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এমন কোনো কিছু আমি শুনিনি। ভুল কীভাবে হয়েছে তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।” আরেক কর্মকর্তা যোগ করেন, “দপ্তর খোলার পর বিষয়টি খতিয়ে দেখেই মন্তব্য করা যাবে।”
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার গল্প ‘রক্তজবা’। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মর প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।
ইএইচ/