images

বিনোদন

শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার, দেখে যেতে পারলেন না ‘প্রিয়তমা’র ফারুক

বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

২০২৩ সালের ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুপারস্টার শাকিব খান ও ইধিকা পাল জুটির ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তির পর দেশ ও অন্তর্জাতিক বাজারে রমরমা ব্যবসা করেছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তালিকায় দেখা যায়, মোট ৫টি বিভাগে পুরস্কার জিতেছে শাকিব অভিনীত সিনেমাটি। 

যদিও ছবিটির সাফল্য অনেকটা ফিকে হয়ে এসেছে ফারুক হোসেনের নাম ঘোষণার পর। ‘প্রিয়তমা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে মরণোত্তর স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০১৫ সালের ১৯ জুলাই কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ হন ফারুক। 

সেই সময় ফারুকের খোঁজে ছুটে যান ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ঢাকায় ফেরার পথে ফারুককে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘ভাই, আজ যদি আমি সাগরে ভাসতাম আর আপনি আমাকে খুঁজতে কক্সবাজার আসতেন, তবে আমি জানি, আমাকে খুঁজে না পেয়ে আপনি বাড়ি ফিরতেন না। কিন্তু আপনাকে সাগরে রেখেই আমাকে চলে যেতে হচ্ছে। আপনার সঙ্গে এখানেই সবার পার্থক্য। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ভালো থাকেন। ভালোবাসি, ভাই।’ 

image

‘প্রিয়তমা’র জন্য যারা পাচ্ছেন শ্রেষ্ঠত্বের সম্মাননা: শ্রেষ্ঠ কাহিনিকার: ফারুক হোসেন (মরণোত্তর), শ্রেষ্ঠ গায়ক: বালাম, শ্রেষ্ঠ গীতকার:  সোমেশ্বর অলি, শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ মেক-আপম্যান: সবুজ (শাকিব খানের বৃদ্ধ লুকের জন্য বিশেষ প্রশংসিত)।

হিমেল আশরাফ পরিচালিত রোমান্টিক-অ্যাকশন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল ছাড়াও ছবটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, এলিনা শাম্মী এবং শিশুশিল্পী হিসেবে হাফসা। 

ইএইচ/