বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
গতকাল ঘোষণা করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দাপট দেখিয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি ২৮টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। তবে এবারও শাকিবের হাতে ধরা দিল না শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
শাকিব সর্বশেষ ২০১৭ সালের চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘সত্তা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই রাষ্ট্রীয় স্বীকৃতি পান। ২০১৯ সালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এখন পর্যন্ত শাকিব খান মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ অভিনেতা) পেয়েছেন। এর মধ্যে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার লাভ করেন। এরপর নির্মাতা শাহীন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিটি তাঁকে দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কার এনে দেয়; ছবিটি মুক্তি পায় ২০১২ সালে।

একজন সুপারস্টারের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য তৃতীয়বারের মতো সেরার সম্মাননা অর্জন করেন তিনি। এস এ হক অলিকের এই রোমান্টিক চলচ্চিত্রে নিজের নামেই (শাকিব খান চরিত্রে) অভিনয় করেন তিনি।
সর্বশেষ ২০১৭ সালে সোহানী হোসেনের গল্প ও হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার মাধ্যমে শ্রেষ্ঠত্বের মুকুটে চতুর্থ পালক গেঁথে দেন শাকিব। এ সিনেমায় পাওলি দামের বিপরীতে অনবদ্য অভিনয় তাঁকে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এনে দেয়। এরপর গত ৬ বছর ধরে জাতীয় কোনো ব্যক্তিগত পুরস্কার পাননি তিনি।
![shakib_khan_hh_] shakib_khan_hh_]](https://cdx.dhakamail.com/media/images/2025September/shakib_khan_hh_]_20250918_095219834.jpg)
শাকিব খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায়। এই সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। শাকিব বর্তমানে নতুন একগুচ্ছ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছরের শেষ দিকে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এখন শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই অভিনেতা।
ইএইচ/