বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শাকিবের ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে গেল নিশোর ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

শাকিবের ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে গেল নিশোর ‘সুড়ঙ্গ’

সিনেমায় নাম লিখিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘প্রিয়তমা’র মুখোমুখি নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। অগ্নিপরীক্ষায় সফল হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা। এবার শাকিবের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে শ্রেষ্ঠ অভিনেতার খেতাবসহ মোট ৮টি বিভাগে পুরষ্কার জিতেছে নিশোর ‘সুড়ঙ্গ’। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে,  শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের পুরস্কারসহ মোট ৮টি বিভাগে পুরষ্কার জিতেছে নিশোর ‘সুড়ঙ্গ’ । সেগুলো হলো শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা। 

শাকিব খান ব্যক্তিগতভাবে পুরস্কার না পেলেও ‘প্রিয়তমা’-এর ঝুলিতে গেছে ‘সেরা কাহিনিকার’সহ মোট ৫টি বিভাগের পুরস্কার। বিভাগগুলো হলো শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ মেক-আপম্যান। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার জিতলে শাকিব পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তুলতে পারতেন।

২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’। ব্যবসায়িক দিক থেকে ‘প্রিয়তমা’ নতুন রেকর্ড গড়লেও দর্শক-সমালোচকদের প্রশংসা এবং অসাধারণ অভিনয়ে এগিয়ে ছিল রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’।


বিজ্ঞাপন


‘সুড়ঙ্গ’ সিনেমার মাসুদ (আফরান নিশো) পেশায় একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। সে তার স্ত্রী ময়নাকে (তমা মির্জা) ভীষণ ভালোবাসে। কিন্তু দারিদ্র্য এবং লোভের কারণে সরল-সোজা মাসুদ অন্ধকারের পথে পা বাড়ায়। ব্যাংক থেকে টাকা চুরির জন্য আস্ত একটি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

অন্যদিকে, রোমান্টিক-অ্যাকশন ড্রামা শাকিবের ‘প্রিয়তমা’।  একজন বৃদ্ধ মানুষের প্রেমকাহিনী সিনেমাটিকে এগিয়ে নিয়ে যায়। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর