images

বিনোদন

হিরণের দ্বিতীয় স্ত্রী মুখ খুলতেই থানায় অভিযোগ প্রথম স্ত্রীর

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

দুইদিন আগে অনেকটা গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন তাঁকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। 

প্রথম স্ত্রীর এমন অভিযোগের পর গতকাল বুধবার (২১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি দাবি করেন, ‘আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর ধরে একসঙ্গে থাকছি। এসব বিষয় অনিন্দিতা জানতেন।’ 

ঋতিকা মুখ খুলতেই অনিন্দিতা ওড়িশা রাজ্যের কেন্দুঝার জেলার আনন্দপুর থানায় গিয়ে হিরণের নামে অভিযোগ দায়ের করেছেন। 

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে যাক। তারপর নাচতে নাচতে বিয়ে করুক। হিরণ চট্টোপাধ্যায় ওঁকে (ঋতিকা গিরি) বিয়ে করে কি না দেখব। আমি দেখব ঋতিকা কত সুখে শান্তিতে সংসার করে। সারাদিন তো শুনি আত্মহত্যা করতে যাচ্ছে। বিয়ের আগে যে মেয়ে ১৫ বার আত্মহত্যা করতে যায়, সে যে কত সুখে জীবনযাপন করবে আপনারাই বলুন।’ 

হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় অনিন্দিতার সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র মেয়ে নিয়াশা। মেয়েকে নিয়ে অনিন্দিতা আনন্দপুর এলাকায় বসবাস করেন। ভারতীয় গণমাধ্যমকে অভিনেতার মেয়ে বলেন, ‘ঋতিকা গিরি নিজেই আমাকে মিসড কল দিয়েছিল। তারপর মেসেজ করে জানিয়েছিল আত্মহত্যা করতে যাচ্ছি।’ 

গত ২০ জানুয়ারি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজের বিয়ের খবর জানান অভিনেতা হিরণ। বেনারসে ধর্মীয় রীতি মেনেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।  

বুধবার (২১ জানুয়ারি) এক পোস্টে ঋতিকা নিজের বিয়েকে একান্ত মানসিক শান্তির খোঁজ হিসেবে উল্লেখ করেছেন। কোনো আড়ম্বর, কোনো বিলাসিতা ছিল না। আগুনকে সাক্ষী রেখে, বেনারসে গঙ্গার সামনে ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। কাশী বিশ্বনাথ ধাম থেকে পাওয়া ভস্ম তাঁর কাছে আশীর্বাদের প্রতীক, আর সমস্ত পূজার সামগ্রী এসেছে বৃন্দাবন ও মা বরনাসা মায়ের মন্দির থেকে। 

ইএইচ/