বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের সঙ্গে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটে। এতে অক্ষয় কুমারের কোনো ক্ষতি না হলেও একটি অটো-রিকশা পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে এবং এর চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর মঙ্গলবার অভিযুক্ত মার্সিডিজ চালক রাধেশ্যাম রাইকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে জুহু থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫(এ) এবং ১২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি দ্রুতগামী মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রিকশাটি ছিটকে গিয়ে অক্ষয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়িতে আঘাত করে। এতে রিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও একজন যাত্রী আহত হন।

আহত রিকশা চালক মোহাম্মদ সমীরের ভাই জানিয়েছেন, তাঁর ভাইয়ের শারীরিক অবস্থা বর্তমানে বেশ গুরুতর। তিনি আহতের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া রিকশাটির জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করতে টুইঙ্কেল খান্নার সঙ্গে দেশের বাইরে গিয়েছিলেন অক্ষয় কুমার। বিদেশ থেকে বাড়ি ফেরার পথে মুম্বাই দুর্ঘটনা কবলে পড়েন তারকা দম্পতি। অক্ষয় বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘হায়ওয়ান’ এবং জনপ্রিয় গেম শো ‘হুইল অফ ফরচুন ইন্ডিয়া’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ইএইচ/