বিনোদন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।
জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। নেটিজেনরা মুণ্ডপাত করছেন তার। এবার ওই নারীর বিচার চাইলেন অভিনেতা নিলয় আলমগীর।

নিজের ফেসবুকে এক পোস্টে নিলয় লিখেছেন, ‘ঈশ্বরদীতে ৮ টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।’
এরপর তিনি লেখেন, ‘একটা বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চা গুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গেছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যাথা শুরু হবে, হয়তো মা কুকুর টাও মারা যাবে বুকের দুধ কোন বাচ্চাকে খাওয়াতে না পেরে।’
সবশেষে কুকুরছানাগুলোর করুণ পরিণতির জন্য দায়ীর সর্বোচ্চ শাস্তি দাবি করে তিনি লেখেন, ‘এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন নিলয়ের সঙ্গে। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে দায়ী ব্যক্তির নামে মামলার পরামর্শ দিয়েছেন। আবার কেউ দাবি করেছেন কঠিন শাস্তির। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেতা।
নিলয়ের প্রাণীপ্রেমের কথা কারও অজানা না। পশুপাখিদের আশ্রয় দিতে একটি ফাউন্ডেশনও গড়েছেন তিনি। পথের, অসুস্থ পশু পাখিদের জন্য কাজ করে স্নেহ নামের ওই ফাউন্ডেশনটি।