images

বিনোদন

৩৪-এ না ফেরার দেশে জনপ্রিয় গায়ক 

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতের ওড়িশার জনপ্রিয় গায়ক হুমানে সাগর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিউমোনিয়া, অকেজো লিভার, শরীরের একাধিক অঙ্গ বিকলসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন হুমানে। পরিস্থিতি খারাপ হলে ১৪ নভেম্বর নেওয়া হয় হাসপাতালে। রাখা হয় লাইফ সাপোর্টে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৭ নভেম্বর রাত ৯.০৮ মিনিটে মারা যান তিনি। 

হুমানের মৃত্যুতে শোকস্তব্ধ ওড়িশা। সেখানকার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তার অকালমৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তার পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি, পাশে আছি।’

তিতিলাগড়ের এক সংগীত পরিবারের জন্ম হুমানের। অল্প বয়সে সুর দিয়ে তাক লাগিয়েছিলেন। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টেলিভিশন শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে আবির্ভাব হুমানের। তিনি প্রথম প্লেব্যাকের সুযোগ পান ২০১৫ সালে। পেয়েছিলেন জনপ্রিয়তাও। কিন্তু অকাল মৃত্যু নস্যাৎ করে দিল সব।