বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ‘চাঁদের আলো’খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম। নির্মাতার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুকে ‘চাঁদের আলো’সিনেমার নায়িকা মুক্তি এক পোস্টে নির্মাতার অসুস্থতার কথা জানিয়ে লেখেন, ‘আমার প্রথম সিনেমা ‘পদ্মা নদীর মাঝি’ হলেও নায়িকা হিসেবে ‘চাঁদের আলো’ সিনেমা প্রথম মুক্তি পেয়েছিল। শেখ নজরুল ইসলাম মামা এবং চিত্রগ্রাহক মাহফুজ মামাই ‘চাঁদের আলো’র নায়িকা হিসেবে আমাকে নির্বাচিত করেছিলেন।
কথার সূত্র ধরে অভিনেত্রী আরও লেখেন, “প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই শেখ নজরুল মামা বলেছিলেন, ‘একদম নার্ভাস হবে না। আমি জানি তুমি পারবে।’ এবং এক টেকেই ওকে হয়ে যায়। হাতে তালি দিয়ে উঠেন তিনি এবং তাঁর সাথে ইউনিটের সবাই। অনেক পরিচালক আছেন যারা গুছিয়ে কাজ করেন এবং নতুনদের উৎসাহ দেন তাদের মধ্যে শেখ নজরুল ইসলাম মামা অন্যতম একজন।
মুক্তি যোগ করেন, ‘তার গুণের শেষ নাই। তিনি চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার ও অভিনেতা। দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। মামার খোঁজ খবর নিতে ফোনে প্রায়ই কথা বলতাম মামার সাথে। তিনি বলেছিলেন যদি শরীরটা একটু ভালো হয় তবে আবার ছবি বানাব। কয়েকদিন আগেও মামির সঙ্গে কথা হলো। বর্তমানে এই খ্যাতিমান চলচ্চিত্রকারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’
সবশেষে অনুরাগীদের কাছে নির্মাতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মুক্তি। তিনি লেখেন, ‘আজ দুপুরে তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন। সবাই শেখ নজরুল ইসলাম মামার জন্য দোয়া করবেন।’
ইএইচ/