রাফিউজ্জামান রাফি
২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
ইউটিউবে চার মাসে ৩০ মিলিয়ন দর্শক পেয়েছে ফারহান আহমেদ জোভানের নাটক ‘আশিকি’। এক দিনের সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় কাজটি। প্রশংসার পাশাপাশি নাটকটি সমালোচনাও এনে দিয়েছিল জোভানকে। ‘আশিকি’র সাফল্য ও সমালোচনার সূত্র ধরে জোভানের সঙ্গে কথোপকথন ঢাকা মেইলের।
চার মাসে ৩০ মিলিয়ন ভিউ পেল ‘আশিকি’। কোথায় গিয়ে থামবে বলে মনে হচ্ছে?
চার মাসে তিন কোটি ভিউ হয়েছে নাটকটির। এক দিনের দর্শকসংখ্যার ক্ষেত্রেও রেকর্ড করেছিল। কোথায় গিয়ে থামবে জানি না। মানুষ যতদিন দেখবে ততদিন ভিউ হতে থাকবে। দর্শক দেখছেন এটা খুব ভালো লাগছে।

সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছিল ‘আশিকি’। নাটকটির দর্শকপ্রিয়তাকে কী সমালোচনার জবাব বলে মনে করছেন?
শুরুতে নাটকটির একটি ক্লিপ দেখে নেটিজেনরা সমালোচনা করেছেন। সেটি প্রকাশ করা হয়েছিল টিজার হিসেবে। মাত্র ১৫ সেকেন্ডের ওই অংশ দেখে মানুষ অনেক কিছু বিচার করেছে। এতে কাউকে দোষ দেব না। আমার মনে হয় আমরা বাংলাদেশি মানুষরা খুব আর্লি জাজ করে ফেলি। এখানেও তাই হয়েছে। সম্পূর্ণ নাটক না দেখেই মানুষ বিচার করেছে। এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অভিযোগ, মন খারাপ নেই।
একটি প্রযোজনা সংস্থার ১০ মিলিয়ন ভিউয়ের ১০০ নাটকের মধ্যে আপনার ২৬টি। আপনার আরও নাটক মিলিয়নের ঘর ছুঁয়েছে? কেমন লাগছে?
প্রযোজনা সংস্থা সিএমভির এক কোটি ভিউয়ের ১০০টি নাটক হয়েছে। এরমধ্যে ২৬টি আমার। খুবই ভালো লাগছে। সিএমভির আরও কয়েকটি নাটক আছে। সেগুলোর ভিউ ৯০ লাখের আশেপাশে। কিছুদিন পরে হয়তো ওগুলোও এক কোটি। যাদের জন্য কাজ করছি তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন— এটাই কাজের সার্থকতা৷ এত কম বয়সে এতকিছু অর্জন করেছি— নিজেকে ভাগ্যবান মনে করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

মাঝে দুই মাস ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন। ব্যস্ত জীবনে ছুটির প্রয়োজনীয়তা ও উপকারিতা উপলব্ধি করেছেন নিশ্চয়ই। সেটা কেমন?
আমার মনে হয় সব পেশার মানুষেরই ছুটি নেওয়া উচিত। যদিও সবাই পারে না। দায়বদ্ধতার জায়গা থাকে। অন্যের অধীনে কাজ করায় সম্ভব হয় না। কিন্তু আমি মনে করি বছরে একবার হলেও ছুটি নেওয়া উচিত। আমাদের পেশায় মানসিক চাপ খুব বেশি। যদিও সব পেশায়-ই প্রতিবন্ধকতা থাকে। সেসব পার করে জীবন চালাই। তবে নিজেকে ও পরিবারকে সময় দেওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি পরিবারকে সবচেয়ে প্রাধান্য দিই। ছুটি পেলেই পরিবারকে সময় দিই। এতে আত্মউপলব্ধি হয়। চলার পথে সহায়তা করে।
ওটিটি মাধ্যমে কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন?
আপাতত ওটিটির প্ল্যাটফর্মের কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছি না।

বর্তমান ব্যস্ততা?
বর্তমান ব্যস্ততা নাটক নিয়ে। সামনে উৎসবের মৌসুম। ভালোবাসা দিবস, রোজার ঈদ, কোরবানির ঈদ। আস্তে আস্তে কাজগুলো শুরু হচ্ছে। ব্যস্ততাও বাড়ছে।
আরআর