Dhaka Mail Logo

বিনোদন

এখন কেমন আছেন ফরিদা পারভীন

বিনোদন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

ফের অসুস্থ একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন। 

এদিকে লালন সম্রাজ্ঞী খ্যাত এ গায়িকার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে উদগ্রীব তার শুভানুধ্যায়ীরা। ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মুঠোফনে গায়িকার বড় ছেলে ইমাম নিমেরি উপলের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ফরিদাপুত্র ঢাকা মেইলকে বলেন, ‘বর্তমানে হাসপাতালে আছেন এবং তার (ফরিদা পারভীন) শরীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে।’

গত কয়েক বছর যাবত কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছিলেন। এবার ফের হাসপাতালে গায়িকা। 

farida-parveen-1738432507

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন সংগীতের তালিম নেন ফরিদা পারভীন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা রয়েছে তার। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। 

ইএইচ/